সরকার ফল ছিনিয়ে নিতে মরিয়া: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ সারা দেশে নারকীয় তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, আজ অনুষ্ঠেয় পঞ্চম দফার নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদগুলো ছিনিয়ে নিতে সরকার আরও মরিয়া হয়ে উঠেছে।
গতকাল রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি এ অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ অভিযোগ করেন, লক্ষ্মীপুর সদর, ফেনীর ছাগলনাইয়া, সিরাজগঞ্জের শাহজাদপুর, কুমিল্লার চান্দিনা, নোয়াখালীর সুবর্ণচর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় বিএনপির সমর্থকদের ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। অনেক জায়গায় পুলিশ বিএনপির সমর্থকদের বাড়িতে তল্লাশির নামে হামলা চালাচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, অস্ত্রের মহড়া দিচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকারি দল আগের চারটি ধাপের নির্বাচনে যেভাবে সহিংসতা, কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের মাধ্যমে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের পদগুলো ছিনিয়ে নিতে মরিয়া ছিল এবারও তার ব্যত্যয় ঘটবে না।
নির্বাচন কমিশনের সমালোচনা করে সালাহ উদ্দিন আহমদ বলেন, সংবিধানে নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া থাকলেও ভোট ডাকাতি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে কমিশন ব্যর্থ হয়েছে। বর্তমান কমিশন নিজেদের সরকারের ‘অতীব আজ্ঞাবহ’ হিসেবে প্রমাণ করে প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করেছে। তিনি এই কমিশনের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি অবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ারও দাবি জানান।