সরকার ফায়ার সার্ভিসকে আধুনিক করে গড়ে তুলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আন্তর্জাতিকমানের সরঞ্জামাদি দিয়ে ফায়ার সার্ভিসকে আধুনিক করে গড়ে তুলতে চায়।
আজ বুধবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের সদস্যদের দেশের ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রতিটি উপজেলায় যেহেতু ফায়ার সার্ভিস স্টেশন আমরা প্রতিষ্ঠা করছি। সেখান থেকে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আপনাদেরকে দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং সেই পদক্ষেপই আমাদের সরকার নিয়েছে।’
সম্পদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেই সীমিত সম্পদ দিয়েও কিন্তু আমরা আমাদের ফায়ার সার্ভিসকে আন্তর্জাতিকমানের আধুনিক সরঞ্জামাদি দিয়ে গড়ে তুলতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত নির্বাচন ঠেকাও আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট অমানবিক কাজ করেছিল। তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। গাড়ি পুড়িয়েছে।
ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ফায়ার সার্ভিসের অনেকেই এই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই না বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটুক।’
ওই মানুষের সেবা করা এবং পাশে দাঁড়ানোর জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান শেখ হাসিনা।