সরকার ফুটন্ত কড়াইয়ে জ্বলছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে অর্থমন্ত্রী ক্ষমা চাওয়ার পর নৈতিক কারণে ওই মুহূর্তেই সরকারের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।ব্যর্থতা ও দুর্নীতির ভারে সরকার ‘ফুটন্ত কড়াইয়ে’ জ্বলছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সরকার গোটা দেশকে সংকটের আবর্তে ফেলে দিয়েছে। কার্যক্রম দেখে মনে হচ্ছে, সরকার পালানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে।‘সরকারের উচ্চ মহলের দুর্নীতির কারণে স্বপ্নের পদ্মা সেতু থেকে বঞ্চিত দেশবাসী ও তত্ত্বাবধায়ক সরকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। এতে সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন। সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দুঃখ প্রকাশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আজকের পত্রিকায় হেডিং হয়েছে, অর্থমন্ত্রী বলেছেন, আমি আজ সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। সরকারের অর্থমন্ত্রীকে সব সময় শ্রদ্ধার চোখে দেখা হয়। অথচ নিজের ব্যর্থতার কারণে আজকে অর্থমন্ত্রীকে করজোড়ে ক্ষমা চাইতে হচ্ছে। অর্থমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর পরই নৈতিক কারণে সরকারের পদত্যাগ করা উচিত ছিল।’ বুয়েটে অস্থিরতার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের অভিযোগ নাকচ করে দেন মির্জা ফখরুল। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার পর তদন্ত প্রতিবেদনে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ‘প্রকাশ্যে পুলিশ চিফ হুইপকে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে। গণমাধ্যমে পুরো চিত্র তুলে ধরা হয়েছে। এর পরও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ এমন কোনো ঘটনা খুঁজে পায়নি। পরে মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের এমন অবস্থা হলে দেশের মানুষ বিচার পাবে কোথায়।’