সরকার বঙ্গবন্ধুর গণতন্ত্রকেও রাখতে পারেনি: বি. চৌধুরী
বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর গণতন্ত্রকেও রাখতে পারেনি। তারা গণতন্ত্রকে পদদলিত করেছে। একটা অবৈধ নির্বাচন করে মাত্র ৫ থেকে ১০ শতাংশ ভোট দিয়ে সরকার গঠন করেছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আপনি বিচারপতিদের মাধ্যমে তাঁদের অবৈধ বলা নিষিদ্ধ করে দিয়েছেন। ঠিক আছে, অবৈধ বলব না। কিন্তু এতে তো নিশ্চয়ই একমত হবেন, ১৫৪টি আসনের ভোটারদের ভোট দিতে দেননি। এরপর ঘোষণা করলেন তাঁরা নির্বাচিত। এটা কোন ধরনের গণতন্ত্র?’ তিনি আরও বলেন, একটি মানুষ যখন সব সিদ্ধান্ত নেয়, তখন দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রয়াত জাতীয় নেতাদের স্মরণে বিকল্পধারা বাংলাদেশ এই আলোচনার আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে দলটি অনুষ্ঠানটি করে আসছে।
বি. চৌধুরী বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আতাউল গণি ওসমানী, জিয়াউর রহমান— এঁদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লিখবেন কীভাবে?’ এ সময় তিনি প্রয়াত জাতীয় নেতাদের বিরুদ্ধে বিষোদগার না করার জন্য সব রাজনৈতিক দল ও শক্তির প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বঙ্গবন্ধু সবার সামনে থেকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। আমরা তাঁকে অস্বীকার বা অশ্রদ্ধা করি না। হ্যাঁ, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমাদের মূল্যায়ন থাকতে পারে। কিন্তু আজ দেখি, যাঁরা মুক্তিযুদ্ধের ধারেকাছেও ছিলেন না, এমন লোকেরা বিখ্যাত মুক্তিযোদ্ধাদের অশ্রদ্ধা করে কথা বলেন।’
নজরুল ইসলাম খান বলেন, ‘সেদিন আওয়ামী লীগের এক নেতা বলেছেন জিয়াউর রহমান আইএসআইয়ের এজেন্ট ছিলেন। অথচ তাঁদেরই নেতা (বঙ্গবন্ধু) জিয়াকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন। তাহলে কি বঙ্গবন্ধুও আইএসআইয়ের এজেন্ট ছিলেন?’
নারায়ণগঞ্জের সাত খুন, ফেনীর উপজেলা চেয়ারম্যান ও পল্লবীর বিহারী কলোনিতে পুড়িয়ে মানুষ মারার ঘটনার উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আজ আমরা এক দুঃসময়ে পড়েছি। যাকে গডফাদার বলা হয়, সে জয়নাল হাজারীও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করেছেন। অবস্থাটা বুঝেন।’
তিনি বলেন, ‘যারা এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের রক্ষায় সরকার উদ্যোগী হয়েছে। তাহলে সাধারণ মানুষকে কে রক্ষা করবে?’ এ সময় তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আমিন বেপারী, সহসভাপতি মো. ইউসুফ প্রমুখ।