সরকার বদল হলেও খাদ্যনিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী
আবারও দেশ পরিচালনার দায়িত্ব পেলে খাদ্যনিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে। তবে সরকার বদল হলেও এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। গতকাল বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাছ থেকে পুরস্কার পাওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় এফএও বাংলাদেশকে বিশেষভাবে পুরস্কৃত করে। এফএওর সদর দপ্তর রোমে ১৬ জুন সংস্থাটির ৩৮তম সম্মেলনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়। খাদ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে একজন দিনমজুর দিনের আয় দিয়ে সাড়ে চার কেজি চাল কিনতে পারতেন। এখন প্রায় সাড়ে আট কেজি চাল কিনতে পারেন। সরকার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খোলা বাজারে চাল বিক্রিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করে। ফলে বাজারে চালের সরবরাহ যেমন নিশ্চিত হয়েছে, তেমনি দামও জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা গেছে। বাংলাদেশের সামনে সব নাগরিকের পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় যেখানে সরকারি খাদ্যগুদামের ধারণক্ষমতা ছিল মাত্র ১৪ লাখ মেট্রিক টন, সেখানে সাড়ে চার বছরে এ ধারণক্ষমতা ১৮ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। আগামী বছরের জুনের মধ্যেই এ ধারণক্ষমতা ১৯ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে তিন কোটি ৪০ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়। কিন্তু খাদ্যগুদামে স্থানসংকটের কারণে সরকার এর থেকে মাত্র ১২ লাখ মেট্রিক টন চাল কেনার সুযোগ পায়, যা বাজারে তেমন কোনো প্রভাব ফেলতে পারে না।