বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার একটি বহুমুখী নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করতে চায়। কিন্তু এ চেষ্টা সফল হবে না।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠনের আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া ও তাঁর দল বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারবে না।
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সরকারদলীয়দের প্রস্তাব প্রাধান্য পাওয়ায় রাষ্ট্রপতির ওপর জনগণের আস্থা নেই। রাষ্ট্রপতি আওয়ামী লীগের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন।
আমীর খসরু নেতা-কর্মীদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। বাঙালি মুক্তিকামী জাতি। তাদের আটকে রাখা যাবে না। তবে তিনি এ-ও বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করবে না। বিএনপি ইতিবাচক রাজনীতি করবে। বিএনপির প্রতিটি পদক্ষেপ হবে নিয়মতান্ত্রিক।
‘বিশ্বব্যাংক সম্পর্কে মন্ত্রী-নেতাদের বক্তব্য অশনিসংকেত’
এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিশ্বব্যাংক সম্পর্কে সরকারের মন্ত্রী ও ‘দায়িত্বজ্ঞানহীন’ নেতাদের বক্তব্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অশনিসংকেত। এতে দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।
রিজভী বলেন, বিশ্বব্যাংক সর্বনিম্ন¤সুদে অর্থাৎ শূন্য দশমিক ৫ শতাংশ সুদে ঋণ দেয়। অন্য জায়গা থেকে ঋণ নিতে হয় ৩ শতাংশ সুদ বা তারও ঊর্ধ্বে। মন্ত্রী ও নেতাদের কথায় মনে হয়, তাঁরা যেন হঠাৎ করে দুধ দিয়ে গোসল করে নতুন গ্রহ থেকে আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের মামলায় কানাডীয় আদালতের রায়ের পর আওয়ামী লীগের নেতাদের লাফালাফি ও দাম্ভিকতায় বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বাংলাদেশে এখনো বিশ্বব্যাংকের হাজার হাজার কোটি টাকার কাজ চলমান। এতে চলমান অনেক উন্নয়ন প্রকল্পে অর্থায়নে সংকট হতে পারে।
‘খালেদা জিয়ার জন্য সংবিধান ও নির্বাচন বসে থাকবে না’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি প্রত্যয়দৃপ্ত কণ্ঠে বলতে চায়, এই দল এবং দলের চেয়ারপারসনকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না।