সরকার বিএনপি ও জিয়া পরিবারকে নির্মূলের চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের কোনো সমস্যার সমাধান করতে পারছে না। তারা শুধু বিএনপি ও জিয়া পরিবারকে নির্মূলের অপচেষ্টায় লিপ্ত আছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গতকাল শনিবার এ অভিযোগ করেন। চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিলের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতার সময় তিনি এ অভিযোগ করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বর্তমান সরকারকে ‘হীরক রাজার দেশ’র শাসকের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, এই সরকার তাদের দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ওয়ান-ইলেভেনের পর দায়ের হওয়া মামলা একের পর এক প্রত্যাহার করে চলেছে। অথচ ওই একই সময় বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তো প্রত্যাহার হচ্ছেই না, বরং উল্টো নতুন নতুন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি সরকারের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন। ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন ঘোষণা দেন, কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে ছাত্রদল আজ রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে। সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের আগে ছাত্রদল নাইটিংগেল হোটেলের সামনে থেকে একটি মিছিল বের করে।