সরকার বিএনপি সমর্থিত শ্রমিকদের চাকরি থেকে ছাঁটাই করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার বিএনপি সমর্থিত শ্রমিকদের চাকরি থেকে ছাঁটাই করছে। মে দিবস উপলক্ষে গত শনিবার রাতে গুলশান কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন, এই সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। দেশের বিভিন্ন এলাকার শ্রমিক নির্যাতন ও ছাঁটাইয়ের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দেশে নতুন কলকারখানা গড়ে উঠছে না। সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এই সরকার শ্রমিকদের কল্যাণে কিছুই করতে পারেনি। চাকরি হারিয়ে, কাজ না পেয়ে দেশের মানুষ আজ সবচেয়ে কঠিন সময় পার করছে। বিএনপির চেয়ারপারসন আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বলেন, সময়মতো জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনের জন্য জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকারের আসল চেহারা জনগণের সামনে উন্মোচন করতেই বিএনপি সরকারবিরোধী আন্দোলনে নামতে কিছুটা সময় নিচ্ছে। তিনি বলেন, এই সরকারের পতন ঘটাতে কঠোর আন্দোলনে নামার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তিনি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। ভোলা-৩ আসনের উপনির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, সরকার ভোট ডাকাতি করে জয়লাভ করেছে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি জয়লাভ করত। আর এতে সরকারের পতন হয়ে যেত না। তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সরকার নির্বাচন কমিশনের সহায়তায় মহাজোটকে ক্ষমতায় এনেছে। উপনির্বাচনে নির্বাচন কমিশনের সুযোগ ছিল নিরপেক্ষতা প্রমাণের। তিনি বলেন, নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। সভায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রমিক দলের শোভাযাত্রা: বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে লাল পতাকা হাতে বিএনপি সমর্থিত বিভিন্ন পেশার শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। শোভাযাত্রা বিজয়নগর হয়ে মুক্তাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, সহসভাপতি আবুল কাশেম প্রমুখ।