সরকার বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। ৭ জানুয়ারি বিএনপির ডাকা সমাবেশ সফল করার লক্ষ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে ওই ব্রিফিং করা হয়।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে গতকাল দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কালো পতাকা মিছিল বানচাল করা হয়েছে। একদিকে পুলিশ অন্যদিকে সরকারদলীয় বাহিনী দিয়ে কর্মসূচি বানচাল করেছে। আগেই আওয়ামী লীগ হুমকি দিয়েছিল বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রজন্ম লীগ নামের একটি সংগঠনের কিছু লোক এসে বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলে এবং একজন কর্মীকে মারধর করে। পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটানো হয়েছে। নারায়ণগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, টাঙ্গাইল, নোয়াখালী, বরিশাল, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় কর্মসূচি থেকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। কোথাও কোথাও লাঠিচার্জ করেছে। তিনি বলেন, এসব আওয়ামী লীগের উসকানি। তারা বিএনপিকে সংঘাতময় পরিস্থিতিতে ফেলতে চায়।
ফখরুল বলেন, ৭ জানুয়ারি তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চান। সরকার হয়তো অনুমতি দেবে না। তবে তাঁরা আশা করেন, যথাসময়ে সমাবেশের অনুমতি পাওয়া যাবে।