সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, সম্প্রতি সরকারের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে, বিচার বিভাগ সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে পারছে না, যা স্বাধীন বিচারব্যবস্থার জন্য অন্তরায় ও দুঃখজনক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন এ মন্তব্য করেন। এই অবস্থায় বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এ জন্য তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির সাংসদ ও শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। জয়নুল আবেদীন বলেন, মাসদার হোসেন মামলার রায়ের পরে এ দেশের আইনজীবী তথা সাধারণ মানুষ আশা করেছিল, বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারবে। দেশের সর্বোচ্চ আদালত সংবিধান অনুসারে বিচারকাজ পরিচালনা করবেন। দেশের মানুষ সর্বক্ষেত্রে সুবিচার পাবে। কিন্তু অতি সম্প্রতি সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে দেশে নিম্ন আদালত, এমনকি সর্বোচ্চ আদালত স্বাধীনভাবে কাজ করতে না পারায় আদালতের প্রতি মানুষের বিরূপ মনোভাবের সৃষ্টি হয়েছে, যা দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী, শাহজাহান ওমর, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল, নাসিরউদ্দিন অসীম, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিএনপি-সমর্থক আইনজীবীরা হরতালের সমর্থনে সমিতি ভবন থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে যান। পুলিশের বাধার মুখে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্লোগান দিয়ে তাঁরা সমিতি ভবনে ফিরে আসেন। মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াও অংশ নেন।