সরকার বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করে জনগণকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, নাটোরে বিএনপির নেতা হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কারণে পুলিশ ও বিচার বিভাগ নিরপেক্ষভাবে কিছুই করতে পারছে না।গতকাল সোমবার বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ঢাকা বারে আয়োজিত আলোচনা সভায় খোন্দকার দেলোয়ার এসব কথা বলেন। নাটোরের বিএনপির নেতা ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা ও সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লুৎফর রহমান, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ বক্তব্য দেন।ইকবাল হাসান মাহমুদের সংবাদ সম্মেলন: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ অভিযোগ করেছেন, রক্ষীবাহিনীর মতো পুলিশকে ব্যবহার করছে সরকার। এরা বিএনপির নেতা-কর্মীদের অকারণে গ্রেপ্তার, নির্যাতন, মামলা-হামলা করছে আর রাতের আঁধারে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে লুটপাট চালাচ্ছেন। ফলে পুরো সিরাজগঞ্জে অলিখিত বাকশালীয় শাসন চলছে।গতকাল দুপুরে রাজধানীর আসাদ এভিনিউয়ে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইকবাল হাসান মাহমুদ এসব অভিযোগ করেন। এমন একটি ঝুঁকিপূর্ণ স্থানে সমাবেশ করার বিষয়ে তিনি বলেন, ‘সয়দাবাদের মুলিবাড়ী মাঠে জনসভা করার উদ্দেশ্য আমাদের ছিল না। জনসভা ১০ অক্টোবর উল্লাপাড়ার আকবর আলী কলেজমাঠে করতে চেয়েছিলাম। কিন্তু একই দিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সেখানে কর্মসূচি থাকায় তা সম্ভব হয়নি। এ জন্য বিকল্প ভেন্যু হিসেবে আমরা মুলিবাড়ী মাঠ নির্ধারণ করি। প্রশাসন সমাবেশ করতে মানা কিংবা অনুমতিদানের কোনো চিঠি দেয়নি। অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটলে যেন লিখিত কাগজপত্র না থাকে, সে ব্যবস্থা করেছিল তারা। তাই “ডালমে কুচ কালা হ্যায়”—এটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য।’সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিরাজগঞ্জের ঘটনায় বিএনপি যে গণতদন্ত কমিশন গঠন করেছে, ওই কমিশন প্রকৃত সত্য উদ্ঘাটন করবে।সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।