উপজেলা নির্বাচনে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপির বিজয় ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ নিলে কী হতো, তার প্রমাণ এই উপজেলা নির্বাচন।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে রফিকুল ইসলাম মিয়া এ অভিযোগ করেন। তিনি বলেন, জনগণ সরকারের সঙ্গে আছে—এটি বোঝানোর জন্য সরকার বিএনপির জয় ছিনিয়ে নিয়েছে। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকারের ‘আজ্ঞাবহ’ এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তির দাবিতে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।