বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে সরকার বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ। তিনি বলেন, ভোলা-৩ আসনের উপনির্বাচন সামনে রেখে এ অপপ্রচার শুরু হয়েছে।বনানীর নিজ বাসভবনে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের কিছু ঘটনা উল্লেখ করে বিটিভিতে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এসব ঘটনার কোনো ভিত্তি নেই।সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নেতা বলেন, নির্বাচন কমিশন বিএনপির সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। ভোলা-৩ আসনের উপনির্বাচনের আগে সেখানে সরকার ও তাদের দলীয় সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।ভোলা-৩ আসনের সাংসদ জসিম উদ্দিনের মনোনয়ন উচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় সম্প্রতি এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আইন অনুযায়ী আগামী ৭ মের মধ্যে ওই আসনে উপনির্বাচন করতে হবে।