সরকার-বিরোধী দল নয়, জনগণের পক্ষে থাকবে বিকল্পধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বা বিরোধী দল নয়, বিকল্পধারা জনগণের পক্ষে থাকবে। বিকল্পধারার দর্শন হলো জনগণের সঙ্গে থাকা। গতকাল মঙ্গলবার রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন। বি. চৌধুরী আরও বলেন, জনগণের অবস্থান কী তা বুঝতে হবে। জনগণ মুক্তি চায়, আরও ভালো থাকতে চায়, রাস্তাঘাট চায়। তারা হরতাল পছন্দ করে না। তিনি বলেন, ‘সরকারের সমর্থনকারী দলের কাছে অনুরোধ, জনগণ যেন ভালো থাকতে পারে সে জন্য কাজ করুন। বিরোধী দলের সমর্থক দলকে বলব, আপনারা জনগণের কাছে থাকুন আমরাও আপনাদের সঙ্গে আছি।’ রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে দলটি এই ইফতারের আয়োজন করে। এতে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ উপস্থিত ছিলেন। তবে জামায়াতে ইসলামী ও কর্নেল (অব.) অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) আমন্ত্রণ জানানো হয়নি।