সরকার বিশ্বব্যাংকের সঙ্গে বিরোধে যেতে চায় না: কাদের
সরকার বিশ্বব্যাংকের সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়াতে চায় না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।যোগাযোগমন্ত্রী গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি আগেও বলেছি, আজও বলছি, এ সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে। শেষ করতে পারব না, তবে শুরুটা করব। পদ্মা সেতুর কাজ শুরু করতে না পারলে আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি, এর দায়ভার আমার।’ সচিবালয়ে জাপানি ঋণদান সংস্থা জাইকার একটি প্রতিনিধিদল গতকাল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এর পরই মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে কানাডার তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে বিশ্বব্যাংক। আমরা বিশ্বব্যাংকের সঙ্গে ঝামেলায় যেতে চাই না। পদ্মা ছাড়াও বিশ্বব্যাংকের ৩৪টি প্রকল্প বাংলাদেশে রয়েছে।’ মন্ত্রী জানান, বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থ সময়মতো ছাড় না করলে সেই অর্থ অন্য প্রকল্পে স্থানান্তরের জন্য বলবে সরকার।যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের জানান, ২০১৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের কাজ শুরু হবে। মেট্রোরেলের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ প্রস্তাব পাস হলে জাইকার সঙ্গে ঋণচুক্তি হবে।মেট্রোরেল প্রকল্পে ৮০ শতাংশ অর্থায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে জাইকা। গতকালের বৈঠকে মেট্রোরেলের জন্য জমি অধিগ্রহণ-প্রক্রিয়া শুরু হয়েছে বলে যোগাযোগমন্ত্রী জাইকার প্রতিনিধিদের জানান। যোগাযোগমন্ত্রী জানান, ইস্টার্ন বাংলাদেশ সেতু উন্নয়ন প্রকল্পের অধীনে দেশের পূর্বাঞ্চলে ১১৭টি সেতু নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে। এই প্রকল্পে ৫০২ কোটি টাকা দেবে জাইকা এবং সরকার বহন করবে ১৮৯ কোটি টাকা।