সরকার বেআইনিভাবে আমার দেশ বন্ধ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বেআইনিভাবে আমার দেশ পত্রিকা বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন এক গোলটেবিল আলোচনার বক্তারা। গতকাল শনিবার ‘সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নির্যাতন ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় কয়েকজন বক্তা এ কথা বলেন। এনার্জি সলুশন অব বাংলাদেশ ও নিউজ বিএনএন ডটকম এই গোলটেবিলের আয়োজন করে। আইন বিশেষজ্ঞ রফিক-উল হক বলেন, ‘সরকারকে ভুলভ্রান্তি সম্পর্কে জানানোর জন্য গণমাধ্যম দরকার। সুতরাং আশা করব, সরকার নিজেদের স্বার্থেই গণমাধ্যমকে দাবিয়ে রাখার চেষ্টা করবে না।’ অনুষ্ঠানের সভাপতি কবি ও উন্নয়নকর্মী ফরহাদ মজহার বলেন, মাহমুদুর রহমান সরকারের ‘দানবীয় ক্ষমতার দিকগুলো’ উন্মোচন করেছেন। সাভারের ঘটনার উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, হরতালের বিরোধিতা করতে গিয়ে শ্রমিকদের জোর করে পোশাক কারখানায় ঢোকানো হয়েছে। এটি হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী রানা প্লাজার মালিক সোহেল রানাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী বলেন, আমার দেশ পত্রিকা বন্ধের বিরুদ্ধে যদি সাংবাদিকেরা দাঁড়াতে না পারেন, তবে ভবিষ্যতে অনেক পত্রিকাই বন্ধ হয়ে যাবে। ইউনিয়নের (একাংশ) মহাসচিব শওকত মাহমুদ বলেন, মাহমুদুর রহমানের আটক যতটা আইনি, তার চেয়ে বেশি রাজনৈতিক। অধ্যাপক আসিফ নজরুল বলেন, যেকোনো লোককে রিমান্ডে নেওয়ার আগে এবং রিমান্ড থেকে আসার পর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। মাহমুদুর রহমানের ক্ষেত্রে এ আইন মানা হয়নি। সরকার জোচ্চুরি করে এবং বেআইনিভাবে আমার দেশ পত্রিকায় তালা দিয়েছে। আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, আওয়ামী লীগ সরকার কখনোই মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে না। আলোচনায় আরও অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সাংবাদিক কাদের গণি চৌধুরী প্রমুখ।