সরকার বেশি দিন থাকতে পারবে না: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। জনগণের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
গতকাল শনিবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নেতৃত্বাধীন জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন ও জোটনেতা খালেদা জিয়া এ মন্তব্য করেন।
জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা কাজী জাফর আহমদের গড়া নতুন দলের বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগদান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ফলে এখন থেকে ১৮-দলীয় জোট ১৯-দলীয় জোটে পরিণত হলো। কাজী জাফরের নতুন গড়া দলটি জাতীয় পার্টি (জাফর) নামে পরিচিতি পেয়েছে।
যোগদানকে স্বাগত জানিয়ে খালেদা জিয়া বলেন, এ জোট শুভ বার্তা বয়ে আনবে।
বিএনপির চেয়ারপারসন বলেন, দেশ মহাসংকটে। বাংলাদেশ নিয়ে মহাষড়যন্ত্র চলছে। গত পাঁচ বছরে আওয়ামী লীগের নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন অভিযোগ করে তিনি বলেন, তারা মানুষকে গরিব করেছে। আর নিজেরা কোটিপতি হয়েছে।
মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অলি আহমদ, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।