সরকার ব্যর্থ, মানুষ আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে ও আতঙ্কে আছে।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে এরশাদ এ কথা বলেন।
এরশাদ সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, ‘আসুন সবাই একসঙ্গে বসি।
পৃথিবীর মানুষ দেখুক আমরা একসঙ্গে আছি। একসঙ্গে সংঘবদ্ধ হয়েছি। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমাদের মানুষকে বাঁচাতে হবে।’
এরশাদ বলেন, ‘আমি সংসদে বলেছিলাম, আসুন আলোচনায় বসি। যেসব লোক শান্তিতে বিশ্বাস করে, সন্ত্রাসে বিশ্বাস করে না, জ্বালাও-পোড়াওতে বিশ্বাস করে না; তাদের নিয়ে একসঙ্গে বসে আলোচনা করি। এই সংকট থেকে সুরাহা বের করি। এখন পর্যন্ত আমরা বসতে পারিনি।’ তিনি বলেন, ‘আমি বলেছিলাম কাজটা করতে হবে সরকারকে। কিন্তু সরকার ভালোভাবে কাজটা করতে পারেনি। আমি বলব, সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছে।’
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশান এরশাদ বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনা ঠেকাতে গোয়েন্দা সংস্থাগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এরশাদ বলেন, এ ধরনের ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি। হঠাৎ কেন এ ধরনের ঘটনা ঘটল, এর গভীরে যেতে হবে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, দেশের সাধারণ মানুষের দিকে তাকিয়ে আপনি সবাইকে এক করুন।’
জাতীয় পার্টি ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম
রুহুল আমিন হাওলাদার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন বাবলু, কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সাল চিশতী প্রমুখ।
বৃষ্টি উপেক্ষা করে জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতা-কর্মী ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। তাঁদের হাতে সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ছিল। সমাবেশের শেষ পর্যায়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গান গেয়ে শোনান।