সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের অর্জন যারা ম্লান করে দিচ্ছে ও ভাবমূর্তি যারা ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে।
গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সফরে এসে কুমিল্লা-সিলেট মহাসড়ক পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।
২২টি মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী দাবি করেন, এতে দুর্ঘটনা কমে গেছে। তিনি জানান, আরও কয়েকটি মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ করা হবে। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়ক মেরামতে দায়িত্বে অবহেলার কারণে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্যকে কারণ দর্শানোর নির্দেশ দেন সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী এর আগে বুড়িচং উপজেলার কংসনগর বাজারে চালকদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন।