সরকার ভাবে, যা খুশি লেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। সাংবাদিকদের নির্যাতন করেনি। এর জন্য সরকার প্রশংসা পাওয়ার যোগ্য। তবে সরকার কিছু বলছে না, তার কারণ হলো, ‘দে ডোন্ট কেয়ার’। সরকার ভাবে, যা খুশি লেখো, যা খুশি বলো।
গতকাল সোমবার ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবিএম মূসা এ কথা বলেন। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
এবিএম মূসা বলেন, আগে অনুসন্ধান করার মতো বিষয় কম ছিল। এখন অনেক বিষয় আছে। মফস্বলের সাংবাদিকেরা বেশি অনুসন্ধান করেন। তাঁরা বেশি নির্যাতনের শিকার হন।
অনুষ্ঠানের সভাপতি টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, গণমাধ্যমের কাজ হবে উচ্চতর পর্যায়কে রেসপনস বা দায়িত্বশীল আচরণ করতে বাধ্য করানো। তাদের যাতে কিছু এসে যায়, তার ব্যবস্থা করতে হবে। বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে গণমাধ্যমগুলোর অভ্যন্তরীণ দক্ষ মানবসম্পদের স্বল্পতা একটি সমস্যা।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
পুরস্কার পেলেন যাঁরা: দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতার জাতীয় বিভাগে (প্রিন্ট) পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টার-এর সাবেক প্রধান প্রতিবেদক জুলফিকার আলী। আঞ্চলিক বিভাগে (প্রিন্ট) খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল-এর প্রতিবেদক এইচ এম আলাউদ্দিন, ইলেকট্রনিক বিভাগে ইনডিপেনডেন্ট টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্য অপূর্ব আলাউদ্দিন এবং একই প্রতিবেদনের ক্যামেরা সাংবাদিক মহসিন মুকুল পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানের অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে টিআইবির আয়োজনে স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া দুদক সংশোধনী আইন ২০১৩ বাতিলের দাবি জানান।