সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে: খালেদা
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, বর্তমান সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে।খালেদা জিয়া ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির প্রতি ইঙ্গিত করে এই অভিযোগ করেন।বিএনপি চেয়ারপারসন বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা এসেছে বিদেশি প্রভুদের মনোরঞ্জন করে। তাই বিদেশিদের স্বার্থ রক্ষা ও তাদের কাছে দেওয়া ওয়াদা পূরণে ব্যস্ত রয়েছে।গতকাল রোববার রাতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে তাঁদের উদ্দেশে বক্তৃতায় খালেদা জিয়া এসব কথা বলেন। গত ৯ সেপ্টেম্বর মহিলা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীরা গুলশানের কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।খালেদা জিয়া অভিযোগ করেন, ‘দেশের কোথাও কোনো উন্নয়ন নেই। সর্বত্র চলছে দুর্নীতি আর লুটপাট। মন্ত্রী-এমপিরা লুটপাট করছেন। সারা দেশে আজ হাহাকার। এভাবে দেশ চলতে পারে না। এ সরকারকে সরাতে হবে।’ভিকারুননিসা নূন স্কুলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারীরা লাঞ্ছিত হওয়ার পেছনে ক্ষমতাসীন দলের বড় বড় নেতারা জড়িত রয়েছেন বলেই ওই সব ঘটনার কোনো বিচার হয়নি। সরকার এ ক্ষেত্রে নিশ্চুপ থেকেছে। আন্দোলনের কর্মসূচি সম্পর্কে খালেদা জিয়া বলেন, ‘এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়। তাই দেশ রক্ষার জন্য মানুষ কর্মসূচি চায়। অনেকে আমাদের বলেন, কোনো কর্মসূচি দিচ্ছি না। অবশ্যই কর্মসূচি দেব। মা-বোনদের বলব, ঘরে বসে থাকবেন না। দেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করতে এগিয়ে আসুন।’