সরকার ভোটারবিহীন একদলীয় নির্বাচন করতে চায়: জামায়াত
জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, সরকার ১৯৮৬ ও ১৯৮৮ সালের মতো ভোটারবিহীন একদলীয় নির্বাচন করতে চায়। এ কারণে তারা একদিকে সংলাপের মুলো ঝুলিয়ে, আরেক দিকে দলীয় সরকারের অধীন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার বিরোধী দলসহ দেশি-বিদেশি মহলকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মুখে সংলাপের কথা বলছে। এখন নানা ছলছাতুরী ও কূটকৌশলের আশ্রয় নিয়ে সময়ক্ষেপণের অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে গণহত্যা, গণগ্রেপ্তার ও গণনির্যাতন চালিয়ে, সভা-সমাবেশ করার অধিকার কেড়ে নিয়ে, দলীয় সরকারের অধীন নির্বাচন করে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্ত করছে। তাই চলমান গণ-আন্দোলনকে গণ-অভ্যুত্থানে পরিণত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।