সরকার মতপ্রকাশ ও সভা-সমাবেশের অধিকার খর্ব করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মতপ্রকাশ ও সভা-সমাবেশের অধিকার অব্যাহতভাবে খর্ব করে চলেছে সরকার। নিরপেক্ষ মতামতকে বাধাগ্রস্ত করতে ব্যবহার করা হচ্ছে দমনমূলক আইন এবং ‘আদালত অবমাননার অভিযোগ’।
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ২৯তম অধিবেশনে এ কথা বলেছে এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার (এএলআরসি)। সংস্থাটির পক্ষে তাদের প্রতিনিধি মো. আশরাফুজ্জামান গতকাল বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, এক ব্রিটিশ সাংবাদিকের পক্ষে বিবৃতি দেওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড বিজয়ী জাফরুল্লাহ চৌধুরীকে গত ১০ জুন দণ্ড দিয়েছেন। আদালত অবমাননার অভিযোগে ওই ব্রিটিশ সাংবাদিককেও সাজা দেন একই ট্রাইব্যুনাল। আদালত অবমাননার এই দুই দণ্ড বাংলাদেশের বাক্স্বাধীনতার ওপর বড় আঘাত বলে অধিবেশনে আশরাফুজ্জামান মন্তব্য করেন।
বক্তব্যে আশরাফুজ্জামান আরও বলেন, সুশীল সমাজের প্রতিনিধিদের সংগঠন এবং রাজনৈতিক বিরোধীদের শান্তিপূর্ণ সভা-সমাবেশও সরকার সীমাবদ্ধ করে দিয়েছে। উদারভাবে মতপ্রকাশের সুযোগ না থাকলে কট্টরপন্থীদের মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়। এ ছাড়া ৪ থেকে ২০ বছরের কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশে একটি সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে। এ আইনের আওতায় সন্দেহভাজন সাইবার সন্ত্রাসীকে ধরতে কর্তৃপক্ষ যে কারও বাড়িতে জোর করে প্রবেশ করতে পারবে।