সরকার মধ্যরাতে চোরের মতো তেলের দাম বাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার মধ্যরাতে চোরের মতো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, শুক্রবার হরতাল হবে না, তাই মূল্যবৃদ্ধির জন্য তারা বৃহস্পতিবার রাতকে বেছে নিয়েছে।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) আয়োজিত বিক্ষোভ সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়া মূল্যের এই সময়ে আবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ করা হয়।মোশাররফ হোসেন বলেন, বিএনপি যখন ক্ষমতায় (২০০১-২০০৬) ছিল, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছিলেন, ৩০ এপ্রিলের মধ্যে সরকারের পতন হবে, তা কেউ ঠেকাতে পারবে না। বিএনপি চাইলে তাঁকে গ্রেপ্তার করে দেশদ্রোহিতার অভিযোগে বিচার করতে পারত। কিন্তু তা করা হয়নি। আজ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ময়লার ট্রাক পোড়ানোর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির খান, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান প্রমুখ।