সরকার মনে করছে ষড়যন্ত্র, আততায়ী ধরা না পড়ায় দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক, কলাবাগানে ঘরে ঢুকে দুজনকে হত্যাসহ উগ্রপন্থীদের সাম্প্রতিক তৎপরতাকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে সরকার। তবে এসব হত্যা বন্ধ করতে না পারায় সরকারের মধ্যে হতাশাও আছে। ভবিষ্যতে আবার কে, কীভাবে নিশানায় পরিণত হয়, তা নিয়েও আছে দুশ্চিন্তা।
এসব হত্যার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি, কুমিল্লা সেনানিবাসে কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।
একাধিক মন্ত্রী ও সরকারি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঞ্চল্য সৃষ্টি করা এসব ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাঁদের বিশ্বাস, পরিকল্পিত ‘গুপ্তহত্যা’র মূল লক্ষ্য সরকারকে অস্থিতিশীল করা। এ কারণে এমন ব্যক্তিদের নিশানা করা হচ্ছে, যাদের হত্যা করলে দেশে-বিদেশে বেশি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
তবে সরকারের নীতিনির্ধারকেরা এ-ও মনে করেন, সবকিছুর পরও হত্যাকাণ্ড বন্ধ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করতে না পারলে মানুষ ‘ষড়যন্ত্রতত্ত্ব’ বিশ্বাস করবে না। কারণ, সরকার বলছে, দেশে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) নেই। অন্যদিকে অধিকাংশ হত্যার ঘটনায় আইএসের নামে দায় স্বীকার করা হয়েছে। ফলে এসব ঘটনার রহস্য উন্মোচন করে সরকারকে তার বক্তব্য সঠিক প্রমাণ করতে হবে।
সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, দুশ্চিন্তার কারণ হচ্ছে, এ ধরনের হত্যা বা নাশকতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিরোধ করতে পারছে না। এসবের সঙ্গে জড়িত, মদদদাতা কিংবা অর্থদাতা—কোনো কিছুরই পূর্ণাঙ্গ চিত্রও সরকারি কোনো সংস্থার হাতে নেই। ফলে ক্ষমতাসীন দলের অনেক নেতা ও সরকারের মন্ত্রীরা অনেকটা অন্ধকারে। সরকারের উচ্চ পর্যায় থেকে এসব গুপ্তহত্যা নিয়ে প্রকাশ্যে কথা বলতেও নিষেধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সরকার ও আওয়ামী লীগের নেতাদের বক্তব্য-বিবৃতিতে ‘ষড়যন্ত্রতত্ত্ব’ বেশি আলোচিত হচ্ছে।
এ নিয়ে রাজনৈতিক বিতর্কও আছে। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব হত্যার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। আর গত মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সব হত্যার দায় এ সরকারকেই নিতে হবে। অন্যের ওপর দোষ চাপিয়ে মানুষের দৃষ্টিকে ‘ঝাপসা’ করা যাবে না।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, দেশকে অস্থিতিশীল করতে রাজনৈতিক উদ্দেশ্যে এসব গুপ্তহত্যা চালানো হচ্ছে। তবে সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কুমিল্লার সোহাগী জাহান তনু, কলাবাগানের জোড়া খুনসহ সব কটি ঘটনার রহস্য উদ্ঘাটনে সমন্বিত কার্যক্রম চালাচ্ছে। শিগগিরই একটা ফল পাওয়া যাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত মঙ্গলবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এটা সরকার সহজে মেনে নেবে না।
সরকারের নীতিনির্ধারণী একটি সূত্র জানায়, গত এক বছরে যেসব গুপ্তহত্যা হয়েছে, এর বেশির ভাগেরই লক্ষ্য ছিল ধর্মীয়ভাবে ভিন্নমতাবলম্বী ব্যক্তি। সরকারের একটা অংশ ধর্মীয় বিষয়ে সমালোচনা, কটাক্ষ বা খোলামেলা ভিন্নমত প্রকাশ করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের পক্ষে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিকবার ধর্মীয় বিষয়ে অবাধ লেখালেখির বিষয়ে সতর্ক করে বক্তব্য দিয়েছেন। গত পয়লা বৈশাখে দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, মুক্তচিন্তার নামে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া বিকৃত ও নোংরা রুচির পরিচয়।
ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, যারা ক্ষমতায় থাকে, তারা ষড়যন্ত্রতত্ত্ব দেখে। কিন্তু সব ষড়যন্ত্র উদ্ঘাটন এবং ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, দেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে। কিন্তু যুদ্ধাপরাধীদের রাজনীতির বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিরোধ বা অভিযান নেই।
সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মতে, রাজনৈতিক বাদানুবাদ ছেড়ে জঙ্গিবাদ মোকাবিলায় একটা সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে এ সমস্যা নিয়ে আলোচনা করা যাবে। এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। তাই এ বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।