
সীমান্তে ফেলানী খাতুন হত্যার ঘটনায় সুবিচার পাওয়া যায়নি বলে মনে করেন সরকারের কয়েকজন মন্ত্রী ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তবে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, সরকার ফেলানী হত্যার বিচার নিয়ে জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।গতকাল শনিবার পৃথক কর্মসূচিতে ফেলানী হত্যার বিচারের রায় নিয়ে প্রতিক্রিয়ায় এসব কথা বলা হয়।ভারতীয় হাইকমিশন রায়ের পর এক ব্যাখ্যায় বলেছে, ফেলানী হত্যার ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে, তাদের শাস্তি দেওয়া হবে। তারা বলেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিজস্ব আদালতের এই রায় বিচারের প্রাথমিক প্রক্রিয়া। এর বিরুদ্ধে আপিল করা যাবে। সেনাবাহিনীর কোর্ট মার্শালের সমতুল্য বিএসএফের আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট গত শুক্রবার ফেলানী হত্যা মামলার রায় ঘোষণা করেন। অভিযুক্ত আসামি বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের কনস্টেবল অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন আদালত। ২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। গত ১৩ আগস্ট এই বিচারকাজ শুরু হয়।ফেলানীর পরিবার এই রায় প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন পেশার মানুষ মনে করছেন, এই রায়ের ফলে বিএসএফ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যায় আরও উৎসাহিত হবে।গতকাল কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, এটা দুই দেশের জন্য লজ্জাজনক।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ফেলানীর ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েছিলাম। আইন অনুযায়ী সীমান্তরক্ষীদের (বিএসএফ) আদালতে তা উত্থাপন করা হয়েছিল। আদালত প্রাথমিক পর্যায়ে যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে যে সুবিচার আশা করেছিলাম তা পাওয়া যায়নি।’রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ভারতের আইন ও বিধি অনুযায়ী বিচারটি হয়েছে। রায়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা যদি মনে করেন, বিচার সুষ্ঠু হয়নি তাহলে আপিলের বিধান থাকলে আপিল করা উচিত। তিনি বলেন, এ ধরনের হত্যা বন্ধে দুই দেশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।মামলার রায় অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি গতকাল মুুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভা শেষে প্রতিক্রিয়ায় এ কথা বলেন। তিনি বলেন, ‘আপিল-সংক্রান্ত কর্মকাণ্ডে ভারতের মানবাধিকার কমিশন যেন নিজেদের সম্পৃক্ত করে, সে জন্য তাদের সঙ্গে যোগাযোগ করব।’ মিজানুর রহমান বলেন, ‘এই রায় আমাদের ভেতর একটা ক্ষতের সৃষ্টি করেছে। কেননা, রায়টি সম্পূর্ণরূপে ন্যায়বিচারের পরিপন্থী। এর মাধ্যমে বিচারের নামে তামাশা করা হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি চরম অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।’ তিনি বলেন, এখন পরবর্তী পদক্ষেপ নিতে হলে ভারতকে নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি পর্যায়ে এ বিষয়টি উত্থাপন করতে পারে। এটি যে ন্যায়বিচার হয়নি, সেটি তুলে ধরতে পারে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সীমান্তে ফেলানী হত্যার ঘটনায় সরকার জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। গতকাল এক আলোচনা সভায় ফখরুল বলেন, ‘ফেলানী হত্যার ঘটনায় অভিযুক্ত বিএসএফ সদস্যের বেকসুর খালাস হয়েছে। তাদের (ভারতের) জন্য এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখ হয়, আমার দেশের সরকার ফেলানীর বিষয়ে কোনো জোরালো পদক্ষেপ নেয়নি। এ সরকার সব সময় নতজানু, যার কারণে সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না।’
ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি নয়াদিল্লি থেকে তাঁর বাবার সঙ্গে বাড়ি ফিরছিল। কোনো বৈধ পাসপোর্ট না থাকায় তারা দালালকে টাকা দিয়ে বাঁশের মই বেয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হচ্ছিল। বাবা কাঁটাতারের বেড়া পার হতে পারলেও ফেলানী পারেনি। সে বিএসএফের গুলিতে নিহত হয়। তার লাশ প্রায় পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলেছিল।