জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জাতীয় নেতাদের অন্যায়ভাবে আটকে রেখে সরকারই মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। লঙ্ঘন করছে মানবাধিকার।গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের মজলিশে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।আজাহারুল ইসলাম বলেন, জামায়াতের নেতাদের আট মাস ধরে আটকে রাখলেও সরকার তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দাঁড় করাতে পারেনি। তাঁদের মুক্তি না দিয়ে সরকার আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে।জামায়াতের এই নেতা বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের নামে সরকার দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে জনদুর্ভোগ বেড়েই চলেছে। কিন্তু সেদিকে খেয়াল না করে তারা বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে নিজেদের দোষ আড়াল করার চেষ্টা করছে।অনুষ্ঠানে সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জনসমর্থন হারিয়ে এখন প্রলাপ বকছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকার প্রতিবেশী দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন তিনি।