পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বর্তমান সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়িয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেশে দারিদ্র্যসীমার নিচে বাস করত ৪০ ভাগ মানুষ। এখন দারিদ্র্যসীমার নিচে বাস করে মাত্র ৩০ ভাগ মানুষ। বর্তমান সরকার দেশের দারিদ্র্য ১০ ভাগ কমাতে সক্ষম হয়েছে। মন্ত্রী গতকাল শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সোনারগাঁ হাইস্কুলে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মন্ত্রী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে বলেন, গত সাড়ে তিন বছরে রাঙ্গুনিয়ায় প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে, যা এর আগের ৩৮ বছরেও হয়নি। এর আগে মন্ত্রী রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় পাঁচটি নবনির্মিত সড়কের উদ্বোধন করেন এবং একটি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া মন্ত্রী দক্ষিণ রাজানগর ইউনিয়নে নির্মাণাধীন সোনারগাঁ হাইস্কুল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।