সরকার মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে যার অবস্থানে থেকে দেশ গড়ার কাজ করছে, বিএনপি এটা বিশ্বাস করে। কোনো বিভক্তিতে নয়, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। কিন্তু এ সরকার পরিকল্পিতভাবে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চেষ্টা করছে।
আজ সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা পশ্চিম বিএনপি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস আলী।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের জনগণ এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ভোট নিয়ে তাঁদের মনে আশঙ্কা। তাঁরা আমাদের কাছে জানতে চান, আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব কি না। আমরা পরিষ্কার করে বলে দিয়েছি, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনের নির্বাচনে অংশ নেব না। পাঁচটি সিটি নির্বাচনে তাঁরা বুঝে গেছেন, এ দেশের মানুষ তাঁদের সঙ্গে নেই। ভোট হলে তাঁদের ভরাডুবি হবে—এটা বুঝেই ক্ষমতা ধরে রাখতে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করতে চাচ্ছেন না তাঁরা।’
সরকারের দুর্নীতি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘পদ্মা সেতু দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রী দেশপ্রেমিকের খেতাব দিয়েছেন। সে কারণে দুষ্টু লোকেরা বলেন, পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবারের যোগসাজেশ রয়েছে। তবে এটা এখনো প্রমাণিত হয়নি। কানাডায় এ বিষয়ে একটি মামলা চলছে, মামলার রায় হলেই আমরা বিষয়টি জানতে পারব। আওয়ামী লীগের দুর্নীতির কারণে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে পড়েছে। তাঁরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছে।’

সংখ্যালঘুদের ওপর হামলা ও জঙ্গিবাদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যখন আমরা সরকারের দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ জানাই, তখন আমরা হয়ে যাই জঙ্গিবাদের দল। দেশের মানুষ কখনো জঙ্গিবাদে বিশ্বাস করে না। ’