সরকার মামলা দিচ্ছে, আদালতে যেতে দিচ্ছে না: মওদুদ
‘বর্তমান সরকারের কোনো চরিত্র নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘সরকার একদিকে মামলা দিচ্ছে, আরেক দিকে আদালতে যেতে দিচ্ছে না। চার দিন ধরে আদালতকে অবরুদ্ধ করে রেখেছে।’জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠনের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মওদুদ এসব কথা বলেন। হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারকে আসামি করার প্রতিবাদে সংগঠনটি এ মানববন্ধন করে।মওদুদ আহমদ দাবি করেন, সচিবালয়ে ককটেল বিস্ফোরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং মামলা পূর্বপরিকল্পিত। সরকারের এজেন্টরাই গাড়ি পুড়িয়েছে, বোমা মেরেছে। ইলিয়াস আলীকে সরকারের এজেন্টরা গুম করার পর সারা দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ আন্দোলনকে রোধ করার জন্যই সরকার এ হীনম্মন্য ব্যবস্থা নিয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘ইলিয়াসকে ফেরত দিন, নইলে পদত্যাগ করুন।’শহীদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেনও অংশ নেন।একই দিন জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ আহমদ বিএনপির নেতাদের আত্মগোপনের প্রতি ইঙ্গিত করে বলেন, এটা অত্যন্ত সাময়িক, এতে বিএনপির কোনো ক্ষতি হবে না।স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত এ আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মো. কামরুজ্জামান।জাতীয় প্রেসক্লাবের সামনে অপর এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, দমন-নিপীড়ন চালিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ অন্য নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি।‘সরকারের নিপীড়নের কথা অতিথিদের অবহিত করবে বিএনপি’: জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, বাংলাদেশে খুব অল্প সময়ের ব্যবধানে তিনজন অতিথি আসছেন। তাঁদের কাছে সরকারের গুম-হত্যা ও দমন-নিপীড়নের কথা বিএনপি অবহিত করবে। আন্তর্জাতিক চাপে রাখার জন্য বিএনপি বিদেশি অতিথিদের এসব জানাবে। বিএনপি বিদেশিদের কাছে নালিশ জানাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নালিশ জানানো নয়, অবহিত করা।যুবদলের দুই দিনের কর্মসূচি: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার নেতাদের মুক্তি এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে দুই দিনের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী সোমবার থানা ও পৌরসভায় এবং মঙ্গলবার জেলা ও মহানগরে মিছিল-সমাবেশ।সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সহসভাপতি আবদুস সালাম।