রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মিলিতভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সংসদে সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠীকে বাঙালি বলে দাবি করে এই জনগোষ্ঠী বাংলাদেশ থেকে সেই দেশে গেছে বলে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ সরকার এই অপপ্রচারের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, মিয়ানমারের শরণার্থীরা ২০০৫ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। কিন্তু সেই দেশের সরকারের অনাগ্রহের কারণে এসব শরণার্থীকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। বর্তমানে ৩০ হাজার নিবন্ধিত শরণার্থী বাংলাদেশ আছে। এ ছাড়া জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনের ক্যাম্পে নিবন্ধিত আছে ৩ লাখ। সম্প্রতি আরও ৬৯ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
শামসুল হকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে ৯ হাজার ৬৪০ জন বাংলাদেশি আটক আছেন। সবচেয়ে বেশি ২ হাজার ৪৬৯ জন আটক আছেন মালয়েশিয়ার কারাগারে। এ ছাড়া ভারতে ২ হাজার ৩৩৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৯৮ জন, সৌদি আরবে ৭০৩ জন, যুক্তরাজ্যে ২১৮ জন, জাপানে ১২৩ জন, ইরাকে ১২১ জন, সিঙ্গাপুরে ৮৭ জন, তুরস্কে ৬৮ জন, ফ্রান্সে ৪৬ জন ও অস্ট্রেলিয়ায় ৩৯ জন আটক আছেন।
সেলিনা বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সন্তোষজনকভাবে হ্রাস পেয়েছে। পাশের দেশসহ বিভিন্ন দেশে পলাতক সন্ত্রাসীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কাজ করে যাচ্ছে।
জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে কর্মরত নারী সদস্যের সংখ্যা ১১ হাজার ১০১ জন।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।