সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও মনোভাব একদলীয় সরকারের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সংরক্ষণ, রবীন্দ্রচর্চা ও গবেষণার জন্য শাহজাদপুর এবং শিলাইদহে শান্তিনিকেতনের আদলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের জন্যও অনুরূপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে গত শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে না দেওয়ার ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মনোভাব সেই একদলীয় বাকশাল সরকারের মতোই রয়ে গেছে। আলালকে বিদেশে যেতে না দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। কেননা, সংবিধানে এ দেশের নাগরিককে এই অধিকার দেওয়া হয়েছে। দেলোয়ার বলেন, এই আচরণের মধ্য দিয়ে সরকারের ফ্যাসিস্ট মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি আলালকে অবিলম্বে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, বিনা টেন্ডারে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ায় রাষ্ট্রকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। ছাত্রদল (ঢাকা মহানগর উত্তর): ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত নেতারা গতকাল শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা করছে। বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, মহানগর উত্তর এবং দক্ষিণের নবনির্বাচিত নেতারা এ সময় উপস্থিত ছিলেন।