সরকার যত সহনশীলতা দেখাবে গণতন্ত্র তত বিকশিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সরকার ও বিরোধী দল সংসদে আলোচনা করবে। এসব বিষয়ে বিরোধী দল প্রয়োজনে সরকারকে চ্যালেঞ্জও করতে পারে। বিরোধী দলের উচিত, নিজেদের শুধু রাজপথে ব্যস্ত না রেখে বেশির ভাগ সময় সংসদে যাওয়া। একটি বিষয় মাথায় রাখা দরকার, সরকার যত উদারতা ও সহনশীলতা দেখাবে, গণতন্ত্র ততই বিকশিত হবে।ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জিন ল্যামবার্ট গতকাল শনিবার বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন। ঢাকার গুলশানের বেজ গ্যালারিতে এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা শরণার্থী, পার্বত্য চুক্তি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।ব্রিটেনের গ্রিন পার্টির সদস্য ল্যামবার্টের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের এক প্রতিনিধিদল ১২ থেকে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করে। এ সময় পার্লামেন্টের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় দলের সদস্য, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির এবং পার্বত্য চুক্তির বাস্তবায়ন-প্রক্রিয়ার বিষয়ে খোঁজখবর নিতে বান্দরবান ও রাঙামাটি সফর করেন।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ইউরোপীয় সংসদীয় প্রতিনিধিদলের নেত্রী বলেন, ‘আমরা আশা করি, বিভিন্ন বিষয়ে সরকারকে পরীক্ষার মুখোমুখি দাঁড় করানো বিরোধী দলের দায়িত্ব। এ কাজ করতে হলে বিরোধী দলকে সংসদে থাকতে হবে। আর দুই দলেরই দায়িত্ব অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও ভূমি সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা করা।’বিরোধী দলের ওপর সরকারের সাম্প্রতিক নির্যাতনের ব্যাপারে জানতে চাইলে জিন ল্যামবার্ট বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি পর্যালোচনা আমাদের এবারের সফরের আলোচ্য বিষয় নয়। তবে আমার ব্যক্তিগত অভিমত, গণতন্ত্রের স্বার্থেই সহনশীল বিরোধী দল প্রয়োজন। অহিংস রাজনৈতিক বিরোধী দল গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে সাম্প্রতিক রাজনীতিতে বিরোধিতার সহিংস বহিঃপ্রকাশই আমরা দেখতে পেয়েছি। সরকার উদার ও সহনশীল হলেই গণতন্ত্র বিকশিত হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তা কতখানি অর্জিত হবে, সেটা বলা মুশকিল। বিরোধী দলের মতপ্রকাশের অধিকার রয়েছে। তার পরও বলব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী দল বেশির ভাগ সময় সংসদে থাকবে, নিজেদের শুধু রাজপথেই ব্যস্ত রাখবে না। তবে বিরোধী দলকে রাজপথে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ পন্থা অবলম্বনের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ।’বাংলাদেশে অবস্থানকারী মিয়ানমারের নাগরিকদের ব্যাপারে তারা কেন গুরুত্ব দিচ্ছে, কেন মিয়ানমারকে চাপ দেওয়া হচ্ছে না—এমন প্রশ্ন করা হলে জিন ল্যামবার্ট বলেন, ‘শরণার্থী শিবিরের বাইরে মিয়ানমারের আরাকান প্রদেশের কত মানুষ বাংলাদেশে আছে, সেটা স্পষ্ট নয়। দুই বা তিন লাখের যে সংখ্যার কথা আমরা জানি, সেটা অনুমাননির্ভর। কাজেই তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশ যদি রাজি করাতে চায়, সে ক্ষেত্রে তো জানতে হবে, ওই দেশ থেকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানো লোকের সঠিক সংখ্যা কত। তা ছাড়া প্রতিবেশী দেশ হওয়ায় মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যার ফলপ্রসূ সমাধান সম্ভব। এ ছাড়া সমস্যাটি ইদানীং দ্বিপক্ষীয় সমাধানের গণ্ডি ছাড়িয়ে আঞ্চলিক সমস্যায় রূপ নিয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছে। বাংলাদেশের জন্য এটি সুসংবাদ। সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শক্তি চীন এ ব্যাপারে সব সময় নীরব থেকেছে।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাজা দেবাশীষ রায়, জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমাসহ বেশ কয়েকজন আদিবাসী নেতার ওপর হামলার ব্যাপারে ল্যামবার্ট উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হামলার ঘটনায় স্পষ্ট যে, চুক্তির বিরোধী শক্তিরা তত্পর আছে। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।