সরকার যদি অবৈধই হয়, তবে আলোচনা কিসের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বরে বিআইডব্লিউটিসির রোড ভেহিক্যাল ডিজিটাল ওয়ে-ব্রিজ স্কেলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বরে বিআইডব্লিউটিসির রোড ভেহিক্যাল ডিজিটাল ওয়ে-ব্রিজ স্কেলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিএনপির উদ্দেশে বলেছেন, ‘তারা একদিকে বলছে এ সরকার অবৈধ সরকার। আবার অন্যদিকে বলছে আসুন আলোচনায় বসি। যদি অবৈধ সরকারই হয়, তাহলে তাদের সঙ্গে আবার আলোচনা কিসের?’
আজ শনিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বরে বিআইডব্লিউটিসির রোড ভেহিক্যাল ডিজিটাল ওয়ে-ব্রিজ স্কেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন। শাজাহান খান আরও বলেন, বিএনপি যত দিন বলবে এ সরকার অবৈধ, তত দিন তাদের সঙ্গে কোনো আলোচনা নয়। তিনি বলেন, ‘আমাদের প্রতি আস্থা আছে বলে একে একে বিদেশিরা অভিনন্দন জানাচ্ছে। বিএনপিকে পরামর্শ দেব সহিংসতা ছেড়ে গণতন্ত্রের পথে আসুন, আলোচনায় বসুন।’
মন্ত্রী আরও বলেন, এ ওয়ে-ব্রিজ স্কেল দেওয়ায় যেকোনো ধরনের অতিরিক্ত মাল বহন কমবে। অতিরিক্ত বহনের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। নির্দিষ্ট পরিমাণ পণ্য বহনের কারণে দুর্ঘটনার হারও অনেক কমে আসবে। এমনকি এ খাত থেকে বিআইডব্লিউটিসির আয়ও অনেক বেড়ে যাবে।
নৌপরিবহনমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৭১ সালে যেভাবে খুন, হত্যা ও ধর্ষণ করেছিল, ঠিক একইভাবে এবারও তারা ওই কাজ করছে। আর তাদের মদদদাতা হিসেবে কাজ করছেন বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক জিয়া। তিনি বলেন, মহাজোট সরকার ব্যাপক উন্নয়ন করেছে। এর সুবিধা ভোগ করছে দেশের জনগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মজিবর রহমান। তিনি জানান, আজ থেকে ৬০ মেট্রিক টন ওজনের দুটি ডিজিটাল মেশিন দ্বারা পরিচালিত এই ওয়ে-ব্রিজ স্কেলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। এতে দৌলতদিয়া ঘাটে যানজট এড়ানো যাবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান, পুলিশ সুপার মো. রেজাউল হক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী প্রমুখ। সেখানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী এবং তাঁর গাড়িবহর বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়ায় আরেকটি ওয়ে-ব্রিজ স্কেল উদ্বোধন করতে যান।