সরকার যদি চায় গুম, খুন বন্ধ করা সম্ভব: এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, ‘প্রতিদিন গুম, খুন হচ্ছে৷ এমন কোনো দিন নেই মানুষ খুন হয়নি৷ এমন কোনো দিন নেই মানুষের আহাজারি নেই৷ এটা িক বন্ধ করা যায় না?’ তিনি বলেন, সরকার যদি চায়, খুন-গুম বন্ধ করা সম্ভব৷
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টিতে এক যোগদান অনুষ্ঠানে এইচ এম এরশাদ এসব কথা বলেন৷ কেন গুম, খুন বন্ধ করা যাচ্ছে না—এ প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত সরকারকে উদ্দেশ করে বলেন, ‘পুলিশকে স্বাধীনতা দিন৷ রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন৷ এই গুম, খুন, জখম সব বন্ধ হয়ে যাবে৷’
তবে আগের দিন বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গুম, খুন, অপহরণের ঘটনায় সরকারের ব্যর্থতার বিষয়টি সরাসরি স্বীকার করেননি জাপার সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ৷ গতকাল এরশাদ বলেন, ‘যারা গুম, খুন করে তারা জানে, তাদের কিছু হবে না৷ ওসি সাহেবের কাছে যাবে, একজন টেলিফোন করবেন, “আমার লোক, ছেড়ে দাও৷ এফআইআর নিয়ো না৷” এসবের কারণে আজ খুনখারাবিতে দেশ ভরে যাচ্ছে৷ তাই বলছি, সরকার যদি চায় গুম, খুন বন্ধ করা সম্ভব৷ সরকারের দায়িত্ব হস্তক্ষেপ বন্ধ করা৷’
‘আমার সময়ে এভাবে প্রতিদিন গুম, খুন হয়নি’—এ দাবি করে এরশাদ আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, এ দুই দলের ওপর মানুষ বীতশ্রদ্ধ৷ মানুষ পরিবর্তন চায়, শািন্ততে ঘুমাতে চায়৷ শান্তির জন্য, উন্নয়নের জন্য এখন পরিবর্তন দরকার৷
সভায় এরশাদের হাতে ফুল দিয়ে জাপার সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক পার্টিতে যোগ দেন অটোরিকশা শ্রমিকনেতা মজিবুর রহমান ও রফিকুল ইসলাম৷ শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, দলের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সাল চিশতী প্রমুখ বক্তব্য দেন৷