পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রামে এক অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় বা সরকার যদি সিদ্ধান্ত নিত প্রশ্নপত্র ফাঁস হবে না, তাহলে ফাঁস হতো না। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পেছনে নীতিনির্ধারকদের শিথিল মনোভাব এবং জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া দায়ী। তিনি বলেন, ‘রাষ্ট্র হিসেবে আমরা ভালো করে একটা পরীক্ষা নিতে পারি না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে।’
গতকাল শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ‘শব্দ কল্প দ্রুম পিপীলিকা বাংলা উৎসব’-এ মুহাম্মদ জাফর ইকবাল এ মন্তব্য করেন। শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বাড়াতে ‘বাংলা নিয়ে নানান খেলা সারাবেলা’ শিরোনামে এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ উৎসবে নগরের ১৭টি স্কুলের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। উৎসবের আয়োজক সরকারের আইসিটি বিভাগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় মিডিয়াগ্রাফির ব্যবস্থাপনায় এ উৎসবের আয়োজন করা হয়।
গতকাল সকালে উৎসবের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক আলী ইমাম ও সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।