সরকার যুদ্ধাপরাধীদের নামের তালিকা ঢাকায় বিদেশি দূতাবাসে পাঠাচ্ছে। ১৯৭১ সালের মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিরা যাতে বিচার এড়াতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের পালানোসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা (যুদ্ধাপরাধীরা) যাতে পালাতে না পারেন, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক রয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘কাউকে ভিসা দেওয়ার আগে ঢাকায় অবস্থিত বিদেশি কোনো দূতাবাস মতামত জানতে না চাইলে বাংলাদেশের কোন কোন নাগরিক ভিসার জন্য আবেদন করেছেন, সেটা জানা সরকারের পক্ষে সম্ভব নয়।’ তিনি জানান, সাধারণত গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে এমন লোকের তালিকা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি দূতাবাসকে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভিসা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে থাকে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের তালিকা এখনো আমরা বিদেশি দূতাবাসে পাঠাইনি। তবে তালিকাটি পাঠানোর প্রক্রিয়া চলছে।’জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষস্থানীয় তিন নেতাকে গ্রেপ্তার করায় বিদেশের কোনো চাপ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা কোনো সরকারের কাছ থেকে চাপ অনুভব করছি না।’