সরকার যুবশক্তিকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার যুবশক্তিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। বরং সরকার চায়, তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখুক।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের সাত জেলার আট উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, অতীতে অগণতান্ত্রিক শাসকেরা যুবসমাজকে সমাজবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের বেকারত্বের সুযোগ নিয়ে আর কেউ যাতে যুব সম্প্রদায়কে সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।শেখ হাসিনা বলেন, তাঁর দল যখনই সরকার গঠন করেছে, দেশের যুবসমাজকে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছে। এবার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুবকদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিয়ে রূপকল্প-২০২১-এ বেকারত্বের হার ৪০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও একই মন্ত্রণালয়ে সচিব নূর মোহাম্মাদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ হাসান রাসেল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ন্যাশনাল সার্ভিসের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাংসদ ফজলে রাব্বি, বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।কর্মকর্তারা জানান, এই কর্মসূচির আওতায় রংপুর বিভাগের আট উপজেলায় ১৬ হাজার ৩৬ জনের কর্মসংস্থান হবে। উপজেলাগুলো হচ্ছে রংপুরের কাউনিয়া ও পীরগঞ্জ; লালমনিরহাটের হাতীবান্ধা, গাইবান্ধার ফুলছড়ি, নীলফামারীর ডিমলা, দিনাজপুরের খানসামা, ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পঞ্চগড় সদর উপজেলা।