সরকার যেভাবে সময় দেবে সেভাবে দণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাইব্যুনাল আইনের ২০(৩) ধারামতে, অর্থাৎ সরকারের নির্দেশ অনুসারে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দণ্ড কার্যকর হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, কাজেই সরকার এখানে যেভাবে সময় প্রদান করবে, সেভাবে এটা কার্যকর হবে।

অ্যাটর্নি জেনারেল গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, রিভিউ যদি কেউ করেও, সেই রিভিউর জন্য দণ্ড বসে থাকবে না। কারা কর্তৃপক্ষ তাদের কাজ এগিয়ে নিয়ে যাবে। সেটাকে যদি বন্ধ করতে হয়, তাহলে তারা (আসামিপক্ষ) যে পদক্ষেপ নেওয়ার, সেটা হয়তো নেবে। যে পর্যন্ত আপিল বিভাগ কোনো স্থগিতাদেশ না দেন, সে পর্যন্ত কারা কর্তৃপক্ষের কাজ চলমান থাকবে।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে ৩ নভেম্বর রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

মাহবুবে আলম বলেন, ‘সংবিধানের ৪৭(ক) অনুচ্ছেদের ওপর নির্ভর করে সব সময় বলেছি, রিভিউ চলবে না। এ-ও বলেছি, সংক্ষিপ্ত রায় দিয়ে দণ্ড কার্যকর করা যায়। এর আগেও জানামতে আদালত থেকে সংক্ষিপ্ত আদেশ গেছে। সেটা সাঈদীর (দেলাওয়ার হোসাইন সাঈদী) ব্যাপারে। সাঈদীর যখন মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড হয়, সেটি সংক্ষিপ্ত আদেশমূলে ট্রাইব্যুনালকে জানানো হয়েছিল। কাজেই সংক্ষিপ্ত আদেশ দিয়ে করা যাবে এবং ট্রাইব্যুনালকে জানালে মৃত্যু পরোয়ানা জারি করতে পারেন—আমার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপিল আদালত এখন পর্যন্ত কোনো সংক্ষিপ্ত আদেশ দেননি। এতে বুঝে নিচ্ছি যে আপিল বিভাগ হয়তো পুরো রায়ই দেবেন। মনে হয় পুরো রায় পেতে সময় লাগবে।’

এর আগে দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ব্রিফিংয়ে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল তাঁর বাবাকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘সোহাগপুরের ঘটনার সঙ্গে আমার বাবার দূরতম সম্পর্ক নেই। রাজনৈতিক কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।’ হাসান দাবি করেন, তাঁর বাবা কখনো সোহাগপুরে যাননি। রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগেও সোহাগপুর গণহত্যার সময় তিনি (কামারুজ্জামান) সেখানে উপস্থিত ছিলেন, এমন অভিযোগ করা হয়নি। তিনি বলেন, ‘রায়কে ন্যায়ভ্রষ্ট মনে করি।’ এ সময় কামারুজ্জামানের স্ত্রী, ছেলে, ভাই ও শ্যালক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পরে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, উনি (হাসান ইকবাল) যেসব কথা বলেছেন, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তাঁদের আইনজীবী আদালতে বলেছেন। এসব বক্তব্য বিবেচনা করে আদালত কামারুজ্জামান সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন। এ ধরনের বক্তব্য খুবই দুঃখজনক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের ব্যাপারে যদি কারও ক্ষোভ বা অসন্তুষ্টি থাকে, তবে তার বহিঃপ্রকাশ কোনোমতেই এমন হওয়া উচিত নয়।...বিশেষ করে ‘ন্যায়ভ্রষ্ট’ কথাটা। এ ধরনের বক্তব্য আদালত অবমাননাকর।

আইনি নোটিশ: কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ রাখতে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পররাষ্ট্রসচিব ও ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু বকর সিদ্দিক। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে রিট আবেদন করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।