সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনা সরকার যেভাবে চেয়েছে, সেভাবেই তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ‘এভাবে সত্য চাপা রাখা যায় না। প্রকৃত সত্য কী, তা এ দেশের জনগণ জানে।’ তিনি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত এখনো মন্ত্রী আছেন। তা ছাড়া এই তদন্ত করানো হয়েছে রেলওয়েকে দিয়ে। তাই তদন্ত কীভাবে সুষ্ঠু হবে?’ ওয়াশিংটনভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপের সাম্প্রতিক জরিপের সমালোচনাও করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, এটা উদ্দেশ্যমূলক; সংস্থাটিকে দিয়ে এটা করানো হয়েছে। সরকারগুলো শেষের দিকে এসে এমন অনেক কিছু করে। মূলত জনগণকে বিভ্রান্ত করতেই তাদের এই অপচেষ্টা।মির্জা ফখরুল ইসলাম গতকাল সারা দেশে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে পুলিশ ও সরকারদলীয় ব্যক্তিদের হামলার নিন্দা জানান। তিনি দাবি করেন, ওই হামলায় সারা দেশে শতাধিক আহত ও ৩০ জন গ্রেপ্তার হয়েছে।বিএনপির এই নেতা বলেন, আজ সোমবার ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বাধা দিলে এর দায় সরকারকে নিতে হবে। তিনি বিএনপিকে গণতান্ত্রিক কর্মসূচি পালনে সহায়তা করতে সরকারের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।