সরকার রোডমার্চ বানচালের ষড়যন্ত্র করছে: ফখরুল
সরকার চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ বানচালের ‘ষড়যন্ত্র করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের প্রতি ‘গণতান্ত্রিক মনোভাব দেখিয়ে’ রোডমার্চ সফল করায় সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল মঙ্গলবার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ সভার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রচারমাধ্যমকে জানান, ৮ জানুয়ারি ঢাকা থেকে রোডমার্চ শুরু হবে। পরদিন চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসভার মধ্য দিয়ে তা শেষ হবে। পথে চান্দিনা ও কুমিল্লায় পথসভা এবং ফেনীতে জনসভা হবে।মির্জা ফখরুল বলেন, তাঁদের প্রত্যাশা, চট্টগ্রামের রোডমার্চ হবে দেশের ‘সর্বকালের সর্ববৃহৎ’ রোডমার্চ। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।এর আগে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী যৌথ সভার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, সভায় চট্টগ্রামের রোডমার্চ সফল করা এবং ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়েছে।জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি গতকাল মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল।