সরকার লুটপাটের বোঝা জনগণের ওপর চাপাচ্ছে
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার লুটপাটের বোঝা জনগণের ওপর চাপাতে চাইছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ষড়যন্ত্র ও হরতালে পুলিশি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল মঙ্গলবার এসব কর্মসূচির আয়োজন করে।
বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বিমল কান্তি দাস, আবদুল হাই শরীফ, বাসদের নেতা সেলিম মাহমুদ প্রমুখ।
হাফিজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, সরকার আবাসিক পর্যায়ে ১ চুলা ৭৫০ ও ২ চুলা ৮০০ টাকা ধার্য করেছে, যা ১ মার্চ থেকে কার্যকর হবে। একইভাবে ১ জুন থেকে ১ চুলা ৯০০ ও ২ চুলা ৯৫০ টাকা কার্যকরের ঘোষণা দিয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। কারণ গ্যাস খাত লাভজনক। প্রতিটি গ্যাস কোম্পানি লাভজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, গ্যাসের উন্নয়ন তহবিলে ২৫ হাজার কোটি টাকা অলস পড়ে থাকলেও এ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। গ্যাসের দাম বাড়ানোর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে।
অন্য বক্তারা যেকোনো মূল্যে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ষড়যন্ত্র জনগণকে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন। তাঁরা গ্রেপ্তার নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৪ দলভুক্ত ন্যাপ ও ওয়ার্কার্স পার্টিও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর জেলা ন্যাপের সভাপতি নুরুল কবির আহমেদ। বক্তব্য দেন জেলা ন্যাপের সভাপতি এম এ ওয়াহাব, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, শহর ন্যাপের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জেলা ন্যাপের সহসভাপতি অজয় কিশোর মোদক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, সুজনের জেলা দপ্তর সম্পাদক আসাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের অর্জন নষ্ট করতে এবং তাদের জনবিচ্ছিন্ন করতে সরকারের ভেতরেই ঘাপটি মেরে থাকা মহলটি নানা ভুল পরামর্শ দিচ্ছে। অবিলম্বে অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
একই দাবিতে বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জেলা সিপিবি। দলের জেলা সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা শংকর প্রসাদ ভৌমিক ও খুশি মোহন দাস, জেলা সদস্য নজরুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এম আর লিটন প্রমুখ বক্তব্য দেন।
আজহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, গ্যাসের সঞ্চালন লাইনে গ্যাস নেই। তবু গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় সরকার আবারও গ্যাসের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। লুটপাটের বোঝা সরকার জনগণের ওপর চাপাতে চাইছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।