নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, শিক্ষাব্যবস্থায় দুর্নীতি সর্বস্তরের মানুষের মধ্যে শঙ্কা তৈরি করেছে। সরকার শিক্ষা নিয়ে রাজনীতি শুরু করেছে। শিক্ষাব্যবস্থায় ‘সাফল্য’ অর্জনের কথা বলে ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকে জায়েজ করার চেষ্টা করছে সরকার।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন মাহমুদুর রহমান মান্না।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কঠোর সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় ত্রুটি আছে বলে তিনি নিজেদের ত্রুটি আড়াল করছেন। এর আগেও বিভিন্ন সময় প্রশ্নপত্র ফাঁস, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি প্রকৃত দুর্নীতিবাজদের পক্ষ নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষামন্ত্রী নাহিদের যুগে সেই মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। জিপিএ-৫ এর মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কল্পনার ফানুস ধরিয়ে দেওয়া হচ্ছে, একটি মেধাহীন তরুণ প্রজন্ম তৈরি করা হচ্ছে। দেশের মানুষ আজ প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না। মামলা, হামলা করে অবৈধ ক্ষমতার মাধ্যমে মানুষের ভাষাশক্তিকে নিঃশেষ করে ফেলা হচ্ছে।
সাংবাদিক গোলাম মোর্তুজা তথ্যপ্রযুক্তি আইনকে কালো আইন হিসেবে উল্লেখ করে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় এক তরুণের সাত বছরের কারাদণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় তরুণের সাত বছর কারাদণ্ড হলে ১৬ কোটি মানুষের মনে আঘাত দেওয়ায় লতিফ সিদ্দিকীর ৪০ বছর কারাদণ্ড হওয়া উচিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি অধ্যাপক সি আর আবরার ও সাংবাদিক খায়রুল আলম বকুল।