বর্তমান সরকার শিক্ষাকে পণ্যে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত। তারই অংশ হিসেবে ধারাবাহিকভাবে শিক্ষা খাতে বরাদ্দ হ্রাস পাচ্ছে। গতকাল মঙ্গলবার পুরানা পল্টনের মুক্তিভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলা হয়। সম্প্রতি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্রিফিং করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিপিবির নতুন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। ব্রিফিংয়ে নেতারা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর হামলা ও বহিষ্কারের তথ্য তুলে ধরে বলেন, প্রশাসন আজ ‘শিষ্টের দমন ও দুষ্টের লালন’—এই নীতি বাস্তবায়ন করছে। এ সময় উপস্থিত ছিলেন বাসদের সমন্বয়ক খালেকুজ্জামান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, সাজ্জাদ জহির, বাসদের রাজেকুজ্জামান, ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, ছাত্রফ্রন্টের সাইফুজ্জামান প্রমুখ।