
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি শিক্ষাকে সংকুচিত করে বেসরকারি শিক্ষা-ব্যবস্থাকে উত্সাহিত করা। রাষ্ট্র শিক্ষা-ব্যবস্থাকে বড়লোকের সম্পত্তিতে রূপান্তরিত করতে চাইছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি বিধান বিশ্বাস।
সম্প্রতি ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তৈরি একটি প্রতিবেদনে দেখা যায়, ঢাকা মহানগরের ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮টির জমি ও শ্রেণিকক্ষ বেদখল হয়ে গেছে। ১০ থেকে ১৫ বছর ধরে দখল হওয়া এসব জমির পরিমাণ ২৪০ দশমিক ৯৫ শতাংশ বা প্রায় সাড়ে সাত বিঘা।
দখল করে ছাগলের স্থায়ী হাট বসানোয় একটি বিদ্যালয় বন্ধই হয়ে গেছে। একটি বিদ্যালয় বিলীন হওয়ার পথে। কোনো কোনো বিদ্যালয় ভবন, দোকান নির্মাণ বা বস্তি বানিয়ে ভাড়া দিচ্ছেন স্থানীয় লোকজন। আবার কোনো বিদ্যালয়ে কক্ষ বানিয়ে বসবাস ও কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। একটিতে বানানো হয়েছে ব্যক্তিগত গাড়ি রাখার স্থান (গ্যারেজ)। ১৯ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
২৮টি প্রাথমিক বিদ্যালয় ভাঙা ও দখলের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিধান বিশ্বাস বলেন, আজকে এমন একটা সময় উপস্থিত হয়েছে যে, রাতের অন্ধকারে একের পর এক প্রাথমিক বিদ্যালয় ভেঙে ভূমি দখলের মহোত্সব চলছে। রাষ্ট্র এ বিষয়ে নিশ্চুপ। এর মাধ্যমে আবার প্রমাণিত হলো, এই রাষ্ট্র বা সরকারের শিক্ষা দর্শন হলো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের কাছ থেকে শিক্ষা-ব্যবস্থাকে যোজন যোজন দূরে নিয়ে যাওয়া।
এ সময় রাজধানীর ২৮টি প্রাথমিক বিদ্যালয় ‘দখলের’ প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সভাপতি। কর্মসূচি অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় বেইলি রোডে ছাত্র গণসমাবেশ ও মিছিল এবং ৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ।
স্মারকলিপিতে সংযোজনের জন্য ঢাকা মহানগরে স্বাক্ষর সংগ্রহ চলছে, যা আগামী ৬ সেপ্টেম্বর শেষ হবে।