সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শুধু স্বাধীন দেশই চাননি, বরং সোনার বাংলা করাই ছিল জাতির পিতার মূল লক্ষ্য। এ জন্য বঙ্গবন্ধু সোনার মানুষ বানাতে চেয়েছিলেন। কিন্তু অশিক্ষিত থেকে সোনার মানুষ হওয়া যায় না।
এ কারণে জনগণকে শিক্ষিত করতে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি জাতিকে শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার কে এম কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল গতকাল। কলেজ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যা।