বাংলাদেশের যিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন, তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাঁরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাঁদের যেমন সরকার ফাঁসি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করেছে, তেমনি যুদ্ধাপরাধীদের বিচার করে জাতির দায় শোধ করবে। গতকাল শুক্রবার কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব আয়োজিত ফতেহাবাদ গ্রামের ‘নলআরা’ খ্যাত মুক্তিযুদ্ধের অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্পে একাত্তরের চিঠি পাঠ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা বলেন।ফতেহাবাদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদা, সানিয়া, জান্নাতুল ফেরদৌসী, রাখী রায় একাত্তরের চিঠি পাঠ করে। এ সময় দর্শকদের চোখ ভিজে যায়। অনুষ্ঠানের মাধ্যমে তারা যেন ফিরে যায় একাত্তরের রণাঙ্গনের সেই দিনগুলোতে। বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চের সভাপতি মোনায়েম সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও সাংসদ এ বি এম গোলাম মোস্তফা, আবদুল মতিন খসরু, সাবেক মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী। অনুষ্ঠানে ৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।