সরকার শুল্ক কম নিলে বাড়াতে হবে না গ্যাসের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস খাত থেকে বিভিন্ন নামে প্রায় ৮১ শতাংশ অর্থ শুল্ক ও কর হিসেবে সরকারি কোষাগারে চলে যায়। সরকার যদি এর অর্ধেক শুল্ক ও কর কম নেয় তাহলে এখন গ্যাসের দাম বাড়ানোর কোনো দরকার হয় না। গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে আট দিন ধরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে বিষয়টি উঠে এসেছে।

শুনানির বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারি কোষাগারে ৮১ শতাংশ অর্থ দিতে হলে বিদেশি কোম্পানির কাছ থেকে গ্যাস কেনার জন্য পেট্রোবাংলার বছরে ৯০০ কোটি টাকা বাড়তি অর্থ দরকার। গ্যাস বিক্রি থেকে এই অর্থ ‘প্রাইস ডেফিসিট ফান্ড (পিডিএফ)’ নামে একটি তহবিলে নিতে হলে গ্যাসের দাম বৃদ্ধি করে মোট রাজস্ব আয় বাড়াতে হবে ১০ হাজার ৪০০ কোটি টাকা। বর্তমানে গ্রাহকের কাছ থেকে বছরে গ্যাস বিল আদায় হয় ১৬ হাজার কোটি টাকা। এর ওপর প্রায় ৬৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে পেট্রোবাংলা। তাতে আয় বাড়ে ১০ হাজার ৪০০ কোটি টাকা।
গ্যাস বিক্রি থেকে সরকার যেসব নামে শুল্ক ও কর নিচ্ছে, তার মধ্যে রয়েছে সম্পূরক শুল্ক ৪০ শতাংশ। মূল্য সংযোজন কর (মূসক) ১৫ শতাংশ। অগ্রিম আয়কর তিন শতাংশ। গ্যাস বিক্রি থেকে কোম্পানিগুলোর মুনাফার ২০ শতাংশ ডিভিডেন্ট, যা মোট রাজস্বের ২ শতাংশ। গ্যাসের ওপর যে সম্পদমূল্য আরোপ করা হয়েছে, তা থেকে ১৬ শতাংশ এবং গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) থেকে প্রায় ৫ শতাংশ।
শুনানিতে অংশ নেওয়া এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা বলেন, সরকার যদি ৪০ শতাংশ সম্পূরক শুল্ক না নেয়, তা হলেই বর্তমান পর্যায়ে আর গ্যাসের দাম বাড়ানোর দরকার হবে না। বিভিন্ন বিতরণ ও সঞ্চালন কোম্পানির প্রস্তাবের ওপর অনুষ্ঠিত শুনানিতে দেখা গেছে, তাঁরা বর্তমানে যে হারে বিতরণ চার্জ পাচ্ছে এবং জমানো অর্থ থেকে সুদসহ অন্যান্য খাত থেকে তাঁদের যে আয় হচ্ছে, তাতে বর্তমান পর্যায়ে তাদেরও সার্ভিস চার্জ বাড়ানো অপরিহার্য নয়।
পেট্রোবাংলার সূত্র বলেন, ১৯৯৮ সালের আগে পর্যন্ত গ্যাস বিক্রির অর্থ থেকে উপরিউক্ত সব ধরনের শুল্ক ও কর সরকারি কোষাগারে যেত। ১৯৯৮ সালে উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) অধীনে দেশের কয়েকটি গ্যাসক্ষেত্রে কর্মরত বিদেশি কোম্পানির কাছ থেকে অপেক্ষাকৃত বেশি দামে গ্যাস কেনা শুরু হয়। ফলে সরকারকে ওই সব শুল্ক ও কর দিয়ে অবশিষ্ট অর্থ দিয়ে গ্যাস কেনা এবং ক্রয়মূল্য থেকে কম দামে বিক্রি করা অসম্ভব হয়ে পড়ে।
তখন পেট্রোবাংলার পক্ষ থেকে বিষয়টি সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপন করে বলা হয়, সরকার যদি গ্যাস বিক্রির অর্থ থেকে সম্পূরক শুল্ক ও মূসক বাবদ ৫৫ শতাংশ রাজস্ব না নেয়, তাহলে অপেক্ষাকৃত বেশি দামে গ্যাস কিনে কম দামে বিক্রির চলমান প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব। সরকার তখন ওই ৫৫ শতাংশ রাজস্ব না নিয়ে গ্যাস খাত পরিচালনায় তা ব্যয় করার সিদ্ধান্ত দেয়। সে অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২২৭ নম্বর এসআরও জারি করে।
কিন্তু গত বছরের শুরুতে এনবিআর ওই এসআরও স্পষ্টিকরণ করে পেট্রোবাংলাকে জানায়, যেহেতু গ্রাহকের কাছ থেকে সরকারি রাজস্ব হিসেবেই ওই ৫৫ শতাংশ অর্থ নেওয়া হচ্ছে, সেহেতু তা সরকারি কোষাগারে দিতে হবে। শুধু তা-ই নয়, ১৯৯৮ সাল থেকে যে পরিমাণ রাজস্ব দেওয়া হয়নি তা-ও সুদসহ পরিশোধ করতে হবে। সে অনুযায়ী পেট্রোবাংলা গত এপ্রিল থেকে ওই রাজস্ব এনবিআরকে দিচ্ছে এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছে।
পেট্রোবাংলার এই প্রস্তাবে আবাসিকে দুই চুলার জন্য মাসিক বিল ১ হাজার ২০০ টাকা, এক চুলার জন্য ১ হাজার ১০০ টাকা, আবাসিকে মিটারযুক্ত গ্রাহকের ক্ষেত্রে প্রতি ঘনমিটারের বর্তমান দাম সাত টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা ৫৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনে প্রায় ৩২ শতাংশ, সারে প্রায় ৩৬ শতাংশ, ক্যাপটিভ বিদ্যুতে ১২৭ দশমিক ২৭ শতাংশ, শিল্পে প্রায় ৫৬ শতাংশ, বাণিজ্যে ৬৭ শতাংশ চা–বাগানে ৬৮ শতাংশ এবং সিএনজিতে ৪৮ দশমিক ১৫ শতাংশ বাড়ানোর দাবি করা হয়েছে।
শুনানিতে অংশ নিয়ে অধ্যাপক নুরুল ইসলাম দাম বাড়ানোর বর্তমান প্রক্রিয়ার সমালোচনা করেন। ক্যাবের এম শামসুল আলম, সিপিবির রুহিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রমুখ দাম বাড়ানোর বিরোধিতা করেন। বিজিএমইএসহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুনানিতে অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করা হলেও তাঁরা গতকাল আসেননি।
তবে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং ওই সব সংগঠন আগেই গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করেছে। তারা শিল্প উৎপাদন, রপ্তানি–বাণিজ্যসহ অর্থনীতির সব ক্ষেত্রে এবং জনজীবনে এর বিরূপ প্রভাব সম্পর্কে সবাইকে সতর্ক করেছেন।
এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবাসিকসহ কয়েকটি শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়ানো হয়। তখন দুই চুলার বিল ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ এবং এক চুলার বিল ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছিল। আর সব গ্রাহকশ্রেণির গ্যাসের দাম সর্বশেষ বাড়ানো হয় ২০০৯ সালের জানুয়ারিতে।
আইন অনুযায়ী, শুনানির পরবর্তী ৯০ কার্যদিবসের মধ্যে বিইআরসি দাম বাড়ানোর বিষয়ে আদেশ দেবে। ৭ আগস্ট এই শুনানি শুরু হয়েছিল। বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে ও পরিচালনায় শুনানি গ্রহণে সংস্থার অন্য দুই সদস্য রহমান মুরশেদ ও মাকসুদুল হক অংশ নেন। তাঁরা বলেন, গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে গ্রাহকের স্বার্থই গুরুত্ব পাবে।