সরকার শেয়ারবাজারের ৩৩ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শেয়ারবাজারের ৩৩ লাখ বিনিয়োগকারীর অর্থ আত্মসাৎ করে তাঁদের পথে বসিয়েছে। অর্থ হারিয়ে বিনিয়োগকারীরা আজ দিশেহারা। বর্তমান সরকার কোনো দিনই শেয়ারবাজার সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশের জনগণের কাছে অনেক ওয়াদা দিয়েছে, সেগুলো তারা আজও পূরণ করতে পারেনি। দেশের জনগণকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াতে পারেনি। কৃষকদের প্রয়োজনমতো সার দিতে পারেনি। যারা মানুষকে পানি, গ্যাস, বিদ্যুৎ দিতে পারে না, দেশের জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারছে না। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) এলাকায় গতকাল সোমবার বিকেলে পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্মরণে আয়োজিত সভায় মোশাররফ হোসেন এসব কথা বলেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান। খন্দকার মোশাররফ আরও বলেন, যেখানে শহীদ জিয়াকে নিয়ে কটূক্তি করা হবে, জনগণ সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে। সাংবিধানিক শূন্যতার মধ্যে দেশ চলছে। আইনের শাসন নেই। গণতন্ত্রের ছদ্মাবরণে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। তাদের ইশারায় বিচার বিভাগ পরিচালিত হচ্ছে। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। এর নাম দেশ পরিচালনা নয়। আওয়ামী লীগ ডিজিটাল কারচুপির মাধ্যমে আবারও ক্ষমতায় আসার জন্য নানা ফন্দি-ফিকির করছে। তিনি দেশ ও জনগণকে রক্ষা করতে সরকার পতনের গণ-আন্দোলনে শরিক হওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।