সরকার শ্রম খাতে প্রয়োজনীয় সংস্কার করেছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার হুইপ ড্যাপ রোজি উইন্টার টন। আরও ছিলেন ছায়া স্বাস্থ্যমন্ত্রী জোনাথন অ্যাশওয়ার্থ এবং ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, শ্রম আইন সংশোধন করা হয়েছে, কলকারখানায় কাজের পরিবেশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সরকার শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণ করেছে, তাঁদের চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে। শ্রম পরিদর্শক নিয়োগ দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এবং প্রতিনিধিদলের সদস্যরা ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট ইস্যু নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, লেবার পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক চমৎকার।